এক শ্রমীককে খুন করার অভিযোগ তুলে থানার দারস্থ হল মৃতের পরিবার। মঙ্গলবার রাতে এই মর্মে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা যায়, মৃত ওই যুবকের নাম প্রহ্লাদ সরকার ( ২২)। পেশায় প্যান্ডেল তৈরীর শ্রমীক। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার লালগছ এলাকায়। বিহারের ঝিটকিয়া এলাকায় দুখিরাম ব্যাপারী কাছে প্যান্ডেলের কাজের শ্রমীক ছিল প্রহ্লাদ। মৃতের পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রহ্লাদ সহ ৫ জন মিলে ভুটভুটিতে করে কাজে যাচ্ছিল। সেই সময় ভুটভুটি উল্টে গেলে প্রহ্লাদ গুরুতর আহত হয়। প্রথমে তাকে কিষানগঞ্জ লায়েন্স হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রহ্লাদের বলে অভিযোগ। কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ প্রহ্লাদ মারা গেলে তাদের সঠিক ভাবে তথ্য দেওয়া হয়নি। সেই সঙ্গে হাসপাতালের কাগজ পত্র তাদের হাতে তুলে দেয়নি। সেখানেই তাদের সন্দেহ হয়। শুধু তাই নয় উত্তরবঙ্গ ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে তারা জানতে পারে সেখানে প্রহ্লাদ নামে কেউ ভর্তি ছিল না। আর একটি ভুটভুটিতে ৫ জন গেলে কারো কিছুই হল না কেন? যদিও মৃত ওই শ্রমিকের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাননি পরিবারের লোকজন। যার কারনে মঙ্গলবার রাতে এই ঘটনার পূর্ন তদন্ত চেয়ে ডালখোলা থানার দ্বারস্থ হয় ওই শ্রমিকের পরিবার। রাতেই ডালখোলা থানার পুলিশ প্রহ্লাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। অপরদিকে মৃতের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃতের আত্মীয় তপন মণ্ডল।